বাগেরহাটের ফকিরহাটে এক কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার শ্রীনগর গ্রামের সোনাইল সরদাররের ছেলে মালেক সরদার (৪৮), একই গ্রামের কাউসার মোল্লার ছেলে কামরুল মোল্লা (৩৬), ফকিরহাটের শ্যামবাগাত গ্রামের সাঈদ শেখের ছেলে মিলন শেখ (৩২), তার ভাই ইসলাম শেখ (৩৪) এবং শ্যামবাগাত গ্রামের কাসেম মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৪৭)।
ফকিরহাট মডেল থানার ওসি মো. বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশের একটি দল রবিবার ভোরে শ্যামবাগাত গ্রামের ওহিদ মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ৫জনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পেছনে লুকিয়ে রাখা একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। সীমানা পিলারটির গায়ে ইস্ট ইন্ডিয়া -কোম্পানি (১৮১৮-৬৪৩) খোদাই করে লেখা রয়েছে। এ ঘটনায় ফকিরহাট থানার সহকারী উপ-পরিদর্শক মো. জাফর ইকবাল বাদী হয়ে ওই পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
সীমানা পিলারটি কোথা থেকে আনা হয়েছে সে বিষয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এমএসএম/








