ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপ-বৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, কয়েকদিন আগে তাদেরকে ডেকে নিয়ে কাগজে স্বাক্ষর নেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। ওই কাগজে টাকার অংক উল্লেখ ছিল না।
পলি খাতুন নামের এক অভিভাবক জানান, তার মেয়ে তমা খাতুন ১ম শ্রেণিতে পড়ে। তাকে উপ-বৃত্তির টাকা দেওয়া হয়নি। একই গ্রামের ওলিয়ার রহমান জানান, তার ভাগ্নে ২য় শ্রেণিতে পড়ে। তার ১২০০ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু পেয়েছে ৬০০ টাকা। একই ধরনের অভিযোগ করেছেন ওই গ্রামের লাভলী খাতুন, রোজিনা খাতুনসহ অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নানা অনিয়ম করেন। বিদ্যালয় চলাকালীন তিনি ব্যক্তিগত কাজে প্রায়ই বাইরে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ করেন।
উপ-বৃত্তির টাকা কম দেওয়ার ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা যা পারেন লেখেন, আমার কোনও সমস্যা নেই। আমার কিছু যায়-আসে না।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘জেলায় অনেক স্কুল আছে। দু-একটিতে সমস্যা হতেই পারে। এ নিয়ে নিউজ করা ঠিক হবে না।
আরও পড়তে পারেন: মিতু হত্যায় ফের দুই দিনের রিমান্ডে ভোলা
/এআরএল/ এমএসএম/








