হেলিকপ্টার দুর্ঘটনার পর ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান কক্সবাজারের ইনানিতে অবস্থিত হোটেল সি-পার্লে রয়েছে এমন খবর প্রচার করা হলেও সেখানে নেই তিনি। হোটেলের কর্মকর্তারা বলছেন সাকিব হোটেল ছেড়ে চলে গেছেন। বাংলা ট্রিবিউনের এ প্রতিবেদকও শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই হোটেলে অবস্থান করে তাকে পাননি।
হোটেলের জেনারেল ম্যানেজার দীপক পল জানিয়েছেন, হোটেলে সাকিব আল হাসানের কোনও রুম বুকিং ছিল না। তবে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেলে এসে নাস্তা করে স্যুটিংয়ের উদ্দেশে টেকনাফের চলে যেতে দেখেছেন তিনি। এরপর আর কিছুই জানেন না।
উখিয়া সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, বর্তমানে সাকিব আল হাসান কোথায় আছেন তিনি তা জানেন না। দুপুরে ওই হোটেলে নাস্তা খাওয়ার খবর শুনেছেন। তিনি বলেন, ‘সকাল থেকেই বিধ্বস্ত হেলিকপ্টার উদ্ধার নিয়ে ব্যস্ত ছিলাম, সাকিবের বিষয়ে বিস্তারিত জানিনা।’
উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানি নামিয়ে দিয়েই ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালের মোহনায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে শাহ আলম (৩৫) নামের একজন নিহত হয়। সে বিজ্ঞাপন সংস্থা ঈগলের কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। এসময় পাইলটসহ আরও ৪ জন আহত হয়েছে।
- কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহতের পরিচয় মিলেছে
- সাকিবের কক্সবাজার ভ্রমণ বিষয়ে কিছুই জানতো না বিসিবি!
/এমও/








