কুড়িগ্রাম শহরের মিস্ত্রিপাড়ায় ব্যবসায়ী আতাউল করিম স্বপনের বাসা থেকে অপহৃত এক বছরের শিশু আল আমিনকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু আল আমিন অপহৃত হওয়ার সংবাদ পাওয়ার পর বুধবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী স্বপনের খালাতো বোন জান্নাতুল ফেরদৌস রাণীকে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি শিশু আল আমিনকে অপহরণের কথা স্বীকার করেন। রাণী পুলিশকে জানায়, বুধবার রাতে সে তার বান্ধবী ঐশীর মাধ্যমে শিশু আল আমিনকে বাড়ি থেকে বের করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঠায়।’
তিনি আরও বলেন, ‘রাণী আরও জানিয়েছে, তার খালাতো ভাই স্বপন (শিশু আল আমিনের বাবা) রাণীর মতের বিরুদ্ধে তাকে বিয়ে দিচ্ছিল বলে সে বাচ্চা অপহরণ করেছে। পরে পুলিশ রাণীকে দিয়ে কৌশলে ঐশীকে ফোন দিয়ে সিরাজগঞ্জে স্বপনের চাচাতো ভাই কবিরের কাছে আল আমিনকে দিতে বলে। বর্তমানে শিশু আল আমিন সিরাজগঞ্জের কামারখন্ডে স্বপনের চাচাতো ভাই কবিরের কাছে রয়েছে।’
ব্যবসায়ী স্বপন জানান, ‘আমি ছেলে আল আমিনকে নিতে সিরাজগঞ্জের উদ্দেশ্যে কুড়িগ্রাম থেকে রওয়ানা হয়েছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, ‘পুলিশের আন্তরিক প্রচেষ্টায় শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অপহৃত শিশুর বাবা ব্যবসায়ী আতাউল করিম স্বপন বাদী হয়ে জান্নাতুল ফেরদৌস রাণীর বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন।’
/এসএনএইচ/






