এমপি লিটন হত্যাকারীদের বাংলার মাটিতেই বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এমপি লিটন হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। লিটন হত্যাকারী যারাই হোক, তাদের অবিলম্বে খুঁজে বের করে বাংলার মাটিতে বিচার করা হবে। আজ শনিবার (২৮ জানুয়ারি) সুন্দরগঞ্জ ডি-ডব্লিউ কলেজ মাঠে নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাগরিক সভায় ওবায়দুল কাদের বলেন, ‘এমপি লিটনকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লিটন হত্যার রহস্য উন্মোচন ও খুনিদের শনাক্তসহ গ্রেফতারে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তারা হত্যার রহস্য উদঘাটনে বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত কাজ অব্যহত রেখেছেন। তাই অল্প সময়ে এমপি লিটন হত্যাকারীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সুন্দরগঞ্জের মানুষের মন ফুলের মতো। এমপি লিটনের আসনের আগামী মার্চে উপ-নির্বাচন হবে। তাই এ নির্বাচনে মনোনয়ন নিয়ে কেউ কাড়াকাড়ি করবেন না। দল যাকে মনোনয়ন দেবে, আপনারা তার জন্যই কাজ করবেন।’ এসময় তিনি ক্ষমতা নিয়ে কোনও ধরনের বাড়াবাড়ি না করতেও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। এসময় রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট বিভাগের এমপি আফম বাহাউদ্দিন নাসিম, কোষাধক্ষ্য আশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন-
যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তারা ভ্রান্ত ও রাবিশ: অর্থমন্ত্রী
তিন বছরেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার কোনও উদ্যোগ নেই
/এমডিপি/টিআর/








