কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী। তাই কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী মেয়র হতে পেরেছেন।’
কৃষিমন্ত্রী শুক্রবার (৩১ মার্চ) সকালে নকলা পৌরসভার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যারা পাক সেনাদের বাড়ি দেখিয়েছিলো তাদের কোনও ক্ষমা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ফায়ারিং স্কোয়াডে দিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে বিচারের মাধ্যমে রায় কার্যকর করেছেন।’
তিনি আরও বলেন, ‘সবদিকে নজর রেখেছেন শেখ হাসিনা। ক্রীড়াঙ্গনে যেমন তার নজর রয়েছে তেমনি রয়েছে দেশের হত-দরিদ্রদের দিকে।’
কৃষিমন্ত্রী এদিন নকলা উপজেলার বিভিন্ন স্তরের ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, নকলা থানা, নকলা হাসপাতাল ও উপজেলা পরিষদ কর্মচারীদের মধ্যে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন সেট ও দাবা সেট বিতরণ করেন।
এসময় শেরপুরের জেলা প্রসাশক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল ইসলাম গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসালাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক মুনির চৌধুরীসহ স্থানীয় দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
/এমএ/







