রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আঞ্চলিক প্রধান জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসারকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ মে) ভোরে রংপুর সদরের কেরানিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব। বৃহস্পতিবার বিকালে নগরীর স্টেশন এলাকায় র্যাব-১৩ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ খবর জানান র্যাব-১৩-এর প্রধান কমান্ডার আতিকুল্লা।
সংবাদ সম্মেলনে আতিকুল্লা জানান, অনলাইন মনিটরিং ও গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাবের একটি দল ভোরে কেরানিপাড়া এলাকা থেকে জাহিদ হাসানকে গ্রেফতার করে। সে আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান। তার বাবার নাম আব্দুল্লাহ মিয়া।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানায়, তার নেতৃত্বে কয়েকজন সদস্য জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ হয়ে অনলাইনের মাধ্যমে সংঠিত হয়। পরস্পরের মধ্যে বিশ্বাস স্থাপনের পর গ্রুপের প্রধান মনোনীত হয় জাহিদ হাসান। এছাড়া, গ্রুপের সদস্যদের মধ্যে তারা বিভিন্ন দায়িত্ব বণ্টন করে। তাদের একজন সদস্য সবার একত্রিত হওয়ার জন্য স্থান নির্বাচন ও বাসা ভাড়া করে। অন্য একজন সদস্য বিভিন্ন দেশীয় অস্ত্র চাপাতি, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে। তারা মাজারের দান বাক্স ও এনজিও থেকে অর্থ সংগ্রহের জন্য সেখানে হামলার পরিকল্পনা করে।
র্যাব জানায়, জাহিদ ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বোমা তৈরির কৌশল রপ্ত করে বোমা তৈরি করে তা বিস্ফোরণের চেষ্টা করে। র্যাবের অভিযানে তাদের সে পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায়।
প্রধান কমান্ডার আতিকুল্লা জানান, আন্য জঙ্গিদের গ্রেফতারের জন্যও অভিযান চলছে।
এদিকে, র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রংপুর থেকে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন-
বেরোবি উপাচার্যের বিরুদ্ধে সহকর্মীর মানহানির মামলা
দেশ চালাচ্ছে পর্তুগিজ জলদস্যুরা: আলাল
/এআরআর/টিআর/








