তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সাংবাদিকরা মানববন্ধন করেছেন। বুধবার (৯ আগস্ট) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শিমরাইলের ডাচ বাংলা পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আইসিটি আইনের ৫৭ ধারা গণমাধ্যমের কণ্ঠ রোধ ও স্বাধীনমত প্রকাশের অন্তরায়। এই আইন সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সংঘর্ষিক। গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের আইন গ্রহণযোগ্য নয়।
গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে দূরে রাখতেই এই ৫৭ ধারা যথেচ্ছাভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের হয়রানি করা হচ্ছে। এরই মধ্যে অনেকে মামলার শিকার হয়ে কারাভোগ করেছেন। ভবিষ্যতে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এই আইনের আরও বেশি প্রয়োগ হবে বলে আশঙ্কা করে তারা ৫৭ ধারা বাতিলের দাবি জানান। এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগের দাবিও জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমান, সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, আড়াইহাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়ন, নিউজ টুয়েন্টিফোরের রুপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ প্রমুখ।
আরও পড়ুন-
এমপি একরামকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ
জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক মোশতাকের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
/টিআর/








