মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে চলমান পরিস্থিতি নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। তিনি বলেন, ‘কোনও রোহিঙ্গা যেন জিরো পয়েন্ট অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। তবে বাংলাদেশে যেসব রোহিঙ্গা ঢুকে পড়েছে, তারা যেন কোনোভাবেই বাংলাদেশি কোনও নাগরিকদের হাতে নির্যাতিত না হন, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে।’ এসময় তিনি এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের বিশেষ নজর রাখার আহ্বান জানান।
সভায় নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির লে. কর্নেল আনোয়ারুল আজিম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরোয়ার কামালসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্তে আটক ৩৫
লালমনিরহাটে জেএমবির সরওয়ার-তামিম গ্রুপের আইটি সম্পাদক গ্রেফতার








