নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ি বাইপাস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা জানান, তারা গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে ২৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইসমাইল হোসেন (২৩), শাহাদাৎ হোসেন (২৬) ও আব্দুল হান্নানের (২৫) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাকিদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকালে সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার পথে উপজেলার বাইপাস এলাকা থেকে গাড়িসহ ২৬ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন সভায় তারা যাচ্ছিল।
জেলা স্বেচ্ছাসেবক দলসহ জেলা বিএনপির নেতারা আটকদের বিরুদ্ধে কোন মামলা নাই দাবি করে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সোনাইমুড়িতে ২৬ জন নেতা-কর্মীকে গোপন বৈঠক করার সময় আটক করা হয়েছে।







