দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) শেষ হয়েছে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এর আগে দেবী দুর্গার রাতুল চরণে সিঁদুর প্রদানের মাধ্যমে আর্শীবাদ গ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের নারীরা। স্বামীর সংসারে তারা যেন পুরো বছর সুখে শান্তিতে থাকতে পারেন এ কামনায় একে অপরের কপালে ও সিঁথিতে সিঁদুর প্রদান করেন।
শহরের আনন্দময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত মদন মোহন চক্রবর্তী বলেন, ‘পূজামণ্ডপে বিষাদের সুর বেজে উঠেছে। সকাল ১০টার দিকে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মা-দুর্গাকে বিদায় জানানো হয়। তিনি পাঁচ দিন ভক্তদের মধ্যে অবস্থান করে আবারও কৈলাসের স্বামীগৃহে ফিরে গেছেন। ত্রিনয়নি দেবী দুর্গার বিদায় বেলায় ভক্তদের মধ্যে বিষাদের সুর বেজে উঠেছে। দশমীতে দর্পণ বিসর্জনের সময়ে অনেক ভক্ত কান্নায় ভেঙ্গে পড়েন।’
ভক্তরা জানান, দেবী দুর্গার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তারা। এছাড়া পরিবার এবং দেশের সকল মানুষ যেন সুখে-শান্তিতে থাকেন সেজন্যও প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি এক বছর পর দেবী যেন আবারও সুখ ও শান্তির বার্তা নিয়ে ভক্তদের মাঝে ফিরে আসেন সেই কামনা করেছেন।







