খুলনার সরকারি বিএল কলেজে ছাত্রদলকে হোস্টেল ছাড়তে বলে ছাত্রলীগের দেওয়া এক নোটিশকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে দল দুটি। বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ রয়েছে। কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমস্যা সমাধানের দাবি করা হলেও উভয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গত বুধবার বিএল কলেজ ছাত্রদল নেতা-কর্মীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দিয়ে ছাত্রলীগের নোটিশ দেওয়াকে কেন্দ্র করে এ পরিস্থিতি সৃষ্টি হয়। ছাত্রলীগ বিএল কলেজ শাখার প্যাডে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে লেখা হয়, ‘অনৈতিক, অসামাজিক, মিথ্যাচার ও সম্মানহানিকর কার্যকলাপের জন্য বিএল কলেজের ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। কলেজ হোস্টেলে অবস্থানরত ছাত্রদলকে বুধবার দুপুর ২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হলো।’ বুধবার সকালে এ নোটিশ ছড়িয়ে পড়ার পর কলেজে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিব মোড়ল কলেজের একটি জায়গা দখলের চেষ্টা করেন। ছাত্রদলের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়। বিষয়টি প্রকাশ হলে ছাত্রলীগ নেতারা ক্ষুব্ধ হয়। এর জের হিসেবেই তারা ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করার উদ্যোগ নেয়।
বিএল কলেজ ছাত্রদল নেতা রিয়াজ শাহেদ বলেন, হোস্টেলের মধ্যে গিয়ে নেতা-কর্মীদের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হয়। কোনও কারণ ছাড়াই ছাত্রদল কর্মীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয় ছাত্রলীগ নেতারা। এর ফলে অনেকেই ভয়ে হল ত্যাগ করতে বাধ্য হয়েছে।
এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল বলেন, ‘ছাত্রদলের কর্মীরা জমি দখল সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করিয়েছে। এ নিয়ে একটু ঝামেলা হয়। শিক্ষকদের সঙ্গে আলোচনার পর নোটিশ অপসারণ করা হয়েছে।’
কলেজের উপাধ্যক্ষ এ কে এম আলমগীর হোসেন জানান, ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে পরিবেশ স্বাভাবিক করা হয়েছে।
এ সংক্রান্ত সংবাদ:
বিএল কলেজ ছাত্রদলকে হোস্টেল ত্যাগের নোটিশ ছাত্রলীগের








