ফেনীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থল ও তার আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে আগুনে পুড়ে যাওয়া বাসের দুই চালকও রয়েছেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আটকদের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।
আটককৃতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। আটককৃতরা হলো- সুগন্ধা পরিবহনের চালক আবদুল মালেক, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের চালক হারুনুর রশিদ, যমুনা বাস কোম্পানির পরিচালক মিলন, ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরে সালাম মিলন ও পেয়ার আহাম্মদ।
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাস দুইটি ওই স্থানের নজির আহমদ সিএনজি স্ট্যান্ডের সামনে স্ট্যাণ্ড করা ছিল। এর একটি সুগন্ধা পরিবহনের, আর একটি চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের। এসময় কে বা কারা গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারে। প্রাণ বাঁচাতে ড্রাইভার দ্রুত বাস থেকে নেমে যান। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে দুইটি বাস অনেকাংশেই পুড়ে যায়।
আরও পড়তে পারেন: ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর পার হতেই দুই বাসে আগুন








