আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার নেত্রকোনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে এ মামলা দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল। জেলা জজ আদালতের পিপি (দায়িত্বরত) সাইফুল আলম প্রদীপ এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে প্রকাশ, ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনঃরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়; শুধুই এক ভূখণ্ড। জনগণ থাকলেই কোনও ভূখণ্ড স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হয় না। বাংলাদেশ এখন ভারতের কলোনি, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছেন। তাই প্রেসক্লাবে শেখ মুজিবের ম্যুরাল থাকতে পারে না। বর্তমান সরকার অবৈধ সরকার, দিল্লির তাঁবেদার সরকার। একটি রাষ্ট্রে ৪টি স্তম্ভ থাকে। পার্লামেন্ট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ ও গণমাধ্যম। এই চার স্তম্ভের কবর রচনা করেছে বর্তমান ফ্যাসিস্ট সরকার। বর্তমানে বাংলাদেশ নামের রাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই। এদেশকে আর যাই বলা যাক, রাষ্ট্র বলা যাবে না। জমি থাকতে পারে, জনগণও থাকতে পারে, কিন্তু এদেশের সার্বভৌমত্ব নেই।’ মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে অপমানজনক উক্তি করেছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদী জিএম খান পাঠান বিমল বলেন, ‘মাহমুদুর রহমান যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাই আমি রাষ্ট্রদোহ মামলা করেছি। আমি বিশ্বাস করি, আদালত আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন।’
পিপি সাইফুল আলম প্রদীপ জানান, দণ্ডবিধির ১২০ এর (ক), (খ) ও ১২৪ এর (খ) এবং ৫০০ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। বিচারক আলমগীর কবীর শিপন শুনানি শেষে মামলা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানাকে নির্দেশ দিয়েছেন।







