আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণ হওয়ার আগে গোপালগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। এখানে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।’
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার অ্যাডভান্স জামান সেন্টারে এনআরবি ব্যাংকের ৩৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিক গতি সঞ্চার হয়েছে। প্রবাসে যারা ব্যবসা করেন, তারা আশার আলো দেখেছেন বলেই আজকে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। অপশক্তিরা ক্ষমতায় গিয়ে অর্থনৈতিক মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছিল।’
এর আগে ফিতা কেটে এনআরবি ব্যাংকের ৩৪তম শাখার উদ্বোধন করেন তিনি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাইম, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।







