নড়াইলের কালিয়া পৌরসভার ছোটকালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে (২৩ ফেব্রুয়ারি) এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ৬ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আহতরা হলেন-রুবেল গ্রুপের রুবেল মোল্যা (৩০),এসএসসি পরীক্ষার্থী রসুল মোল্যা (১৮),জুয়েল মোল্যা (২৫),হাবিল মোল্যা (১৬),আব্দুল আলীম (২০) ও আবুল হাসান(২০)। হানেফ গ্রুপের রাজ্জাক শেখ (২৮),রমজান শেখ (১২),রওশন শেখ (২৩)ও আব্দুর রহমান শেখ (৫৫)।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রওশন শেখ নামে এক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছোটকালিয়া গ্রামের রুবেল গ্রুপের রুবেলের ছেলে লাহুল (৫), হানেফ গ্রুপের মৃত হিঙ্গুল শেখের ছেলে লাল চাঁদ (১০)ও সম্রারাটের ছেলে হাকিম (৮) নামে ৩টি শিশু তাদের বাড়ির পাশে খেলা-ধুলা করার সময় একেঅপরের সঙ্গে মারামারি করে। রুবেল প্রতিপক্ষের শিশু হাকিমকে চড় থাপ্পর মেরে শাসন করে। এ তুচ্ছ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে উভয় গ্রুপ দেশীয় তৈরি রামদা, ছ্যান, ভেলা ও লাঠি নিয়ে ছোটকালিয়া গ্রামের দক্ষিণপাড়া বোয়ালেরচর রাস্তার ওপর মাজেদ শেখের বাড়ির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়।
এ ব্যাপারে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শমসের আলী জানান, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।








