চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকে লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। শনিবার (৭ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘উত্তেজনাকর পরিস্থিতিতে নিজের রাগ সংবরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করছি।’
গত ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকে লাঞ্ছিত করেন রনি। এ ঘটনার ভিডিওচিত্রসহ সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় নিজের পক্ষে সাফাই গান তিনি। অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনাটি ‘সাময়িক উত্তেজনার’ বশে ঘটে গেছে বলে দাবি করেন রনি। গত ২ এপ্রিল তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি ফি ফেরত না দিয়ে চলে যেতে চাইলে অধ্যক্ষকে অফিসে বসিয়ে রেখে টাকা আদায় করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চাপ ও ঘটনার পারিপার্শ্বিকতায় তিনি উত্তেজিত হয়ে অধ্যক্ষকে কিল-ঘুষি মেরে বসেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নুরুল আজিম রনি বলেন, উত্তেজনার বশে জাহেদ খানের সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য তিনি অনুতপ্ত। বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষের অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বলেন, ‘৩১ মার্চ নেতাকর্মীদের নিয়ে বিজ্ঞান কলেজে গেলে সেখানে থাকা অছাত্র ও সন্ত্রাসীরা পুলিশের সামনেই বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে অধ্যক্ষ জাহেদ খানের কাছে সন্ত্রাসী জড়ো করার বিষয়ে জানতে চাওয়ার জেরে উত্তেজনার একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়, যার ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ্য মাধ্যমে দেখা যাচ্ছে।’
তিনি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করে বলেন,অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তার দাবি, চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
আরও পড়ুন:
চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগ নেতার কিল-ঘুষি (ভিডিও)








