পদ্মা সেতুতে চতুর্থ স্প্যান বসানো হয়েছে। রবিবার সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে নির্মাণাধীন সেতুর ৪০ ও ৪১ নম্বর পিয়ারের ওপর চতুর্থ স্প্যান (সুপার স্ট্রাকচার) ‘৭ই’ বসানো হয়েছে। এর ফলে ১৫০ মিটারের চারটি স্প্যান যুক্ত হওয়ায় পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হলো বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবীর।
তিনি জানান, ‘রবিবার সকাল ৮টার কিছু আগে ১৫০ মিটার দৈর্ঘ্যের চতুর্থ স্প্যানটি ৪০ ও ৪১ নম্বর পিয়ারে বসানো হয়েছে।’
এর আগে শনিবার মুন্সীগঞ্জের মাওয়ায় প্রকল্পের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’ তে করে সেতুর জাজিরা প্রান্তে স্প্যানটি নিয়ে যাওয়া হয়। শনিবার বিকালে স্প্যানটি ৪০ ও ৪১ নম্বর পিয়ারের কাছে নিয়ে রাখা হয়।
প্রকৌশলী সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু হয়। ক্রেনের সাহায্যে পিয়ারের ওপর স্প্যানটি বসানো হয়েছে। তবে স্থায়ীভাবে বসাতে সময় লাগবে।
পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী আহমেদ আহসান উল্লাহ মজুমদার বলেন, সকাল ৬টা থেকেই স্প্যান ওঠানোর কাজ শুরু হয়। বর্তমানে পিয়ারের কলামের ওপর বসে গেছে স্প্যান। বেয়ারিং পেডে বসানোর কার্যক্রম চলছে। স্থায়ীভাবে বসতে আরও সময় লাগবে।
এই প্রকৌশলী আরও জানান, পঞ্চম স্প্যানের কাজও দ্রুত এগিয়ে চলছে। এখন এটির রঙের কাজ চলছে। জাজিরা প্রান্তে ৪১ ও ৪২ নম্বর পিয়ারে বসানো হবে পঞ্চম স্প্যান।








