নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাজেট কোনও দলের হয় না, বাজেট হয় জাতির। এর চেয়ে ভালো বাজেট বাংলাদেশে আর কখনও হয়নি। যেকোনও সময়ের চেয়ে সবচেয়ে ভালো বাজেট হয়েছে, এখানে কোনও কিছুরই দাম বাড়েনি।’
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (৮ জুন) ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাজেট নিয়ে বিএনপির সমালোচনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিএনপি সব ভালোকেই বাঁকা চোখে দেখে। তারা এ সরকারের কোনও কিছুই ভালো চোখে দেখেনি। এ সরকারের অনেক অর্জন রয়েছে। বিএনপি যতই আস্ফালন করুক না কেন, তাদের নির্বাচনে আসতেই হবে।’
মন্ত্রী বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর নৌ-দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে। গত তিন বছরে দেশে কোনও নৌ-দুর্ঘটনা ঘটেনি। এবারও প্রতিটি ঘাটে নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং টিসিসহ প্রশাসনের কর্মকর্তা দিয়ে ঘাট নিয়ন্ত্রণ করা হবে যাতে কোনও লঞ্চেই অতিরিক্ত যাত্রী এবং ঝুঁকিপূর্ণভাবে যেতে না পারে।’
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ‘ভোট আকর্ষণের’ বাজেট প্রত্যাখান বিএনপির








