প্রায় ১৮ ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলক্রসিংয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ায় পর দেওয়ানগঞ্জ লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রিলিফ ট্রেনের সাহায্যে শুরু করা উদ্ধার কাজ শেষ হয় সোমবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলকর্মীরা লাইনের সংস্কার কাজও শেষ করেছেন।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে স্টেশন সুপার জহিরুল ইসলাম। তিনি জানান, ‘রবিবার রাত সাড়ে ৮টার সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলক্রসিং পার হওয়ার সময় সামনে দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় চালক মোটরসাইকেল থেকে লাফিয়ে প্রাণে বেঁচে যান। মোটরসাইকেলের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লেগে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরে গিয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে ট্রেনের কোনও বগি লাইনচ্যুত হয়নি।’
তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় দুপুর দেড়টার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের উদ্দেশে মেইল ট্রেন কমিউটার এক্সপ্রেস ছেড়ে গেছে।







