আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠনে হ্যাট্রিক করবে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে যে দল ছিনিমিনি খেলবে, তাদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে জনগণ। নির্বাচনি খেলায় অংশ নিলে খালেদা জিয়ার দল বিএনপিকে মাঠেই মোকাবিলা করবে আওয়ামী লীগ।’
শনিবার (২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জের কাজিপুরে শহীদ এম মনসুর আলী সরকারি কলেজে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘অন্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগ মেনে নেবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সফলতম নেত্রী মন্তব্য করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করেছে, বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, মাদক নির্মূলে কঠোর কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে বসিয়েছে।’
কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিম পত্নী লায়লা আরজুমান্দ বিথী।







