খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত নৈশ ভোজের নামে একেক জায়গায় বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করছেন। ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার আগে আমেরিকান রাষ্ট্রদূতরা একই কায়দায় বিভিন্ন দলের সঙ্গে আলাপ- আলোচনা করেছিল। জিয়াউর রহমান ঠাণ্ডা মাথায় বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিল। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জাতীয় চার নেতাকে হত্যা করেছিল এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল, তারা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। বিএনপি যতই জোট, মহাজোট করুক না কেন তারা কোনও দিন সফল হতে পারবে না।’
শুক্রবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে আটি পাঁচদোনা মাঠে কেরানীগঞ্জ মডেল থানা আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএম আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেবে না। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।’
তিনি জানান, ‘৪০ লাখ খাদ্য ঘাটতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। বাংলাদেশ এখন নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রফতানি করছে।’
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মাসুম আহমেদ ভুঁইয়া, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ এলিদ মাইনুল আমিন, কেরানীগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি হাজী আমিন উল্লাহ, ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন- ইভিএম নিয়ে বিএনপির সমালোচনাকে প্রযুক্তিগত অজ্ঞতা মনে করে আ.লীগ








