মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে জেলার মঠবাড়িয়ায় এ কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। পৌরসভার সামনের সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিয়া মো. ফারুক, যুদ্ধকালীন সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডের ইয়াং অফিসার মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, আওয়ামী লীগ নেতা ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাইনুল আহসান, সদস্য জুলফিকার আমিন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।







