স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মশউির রহমান রাঙ্গা এমপি বলেছেনে, ‘একটি দলের সবাই একসাথে খেললে সেখানে একটা রেজাল্ট হয়। কিন্তু হায়ার করে দল গঠন করলে, সেখানে জয়ী হওয়া যায় না। ফলে আগামী নির্বাচনে যুক্তফ্রন্টের কোনও প্রভাব পড়বে না।’
শনিবার (২৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ও কোটালীপাড়ায় ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকার ১০ বছরেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। যা একটি বিস্ময় ও একটি স্বপ্ন। দারিদ্র্য দূর করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামীতে দেশের বিভিন্ন স্থানে মিল্ক ভিটার পাউডার প্লান্ট গড়ে তোলা হবে। ফলে বিদেশ থেকে আর গুড়া দুধ আমদানি করতে হবে না।’
সকালে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
দুপুরে কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির হল রুমে আয়োজিত গাভী ক্রয়ের জন্য খামারিদের মধ্য ঋণ বিতরণ অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলার ৫০ জন খামারির মধ্য গরু ক্রয় করার জন্য প্রত্যেককে দুই লাখ টাকার চেক বিতরণ করেন তিনি।








