টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি সদস্যসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারের বংশাই ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাছিম এসব তথ্য জানিয়েছেন।
আটকরা হলো- উপজেলার তরফপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ডৌহাতলী গ্রামের তোফাজ্জল মিয়া (৪৫), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দরানীপাড়া গ্রামের শাজাহান মিয়া (৫০), একই গ্রামের নুরুল ইসলাম (৩৬), ছোরহাব মিয়া (৪৫), মিজানুর রহমান (৪৮), কামাল উদ্দিন (৫৫), পাথরঘাটা গ্রামের জলিল মিয়া (৩৫) ও পার্শ্ববর্তী বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর ৪ নম্বর ওয়ার্ড সদস্য ভীম চন্দ্র সরকারের ছেলে বল্লব সরকার (৩৫)।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাছিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাথরঘাটা বাজারের বংশাই ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাস ও মোবাইল জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’







