ট্রাকে পেট্রোল বোমা হামলায় পাঁচ বালু শ্রমিক নিহতের মামলায় মাগুরার বিএনপি নেতা মনোয়ার হোসেন খান আজ সোমবার হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে আছেন তিনি। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহম্মেদের বেঞ্চ থেকে এ আগাম জামিন পান তিনি। মাগুরা-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মনোয়ার খান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
মামলার আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল জানান, ২০১৫ সালে মাগুরা সদরের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় পাঁচ বালু শ্রমিক নিহত হন। মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হক ও মাগুরা জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ২৩ জনের নামে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাউল হক। অন্য আসামিরা হলেন জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস, সেক্রেটারি মুস্তার বাকের, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সদর জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসেন, মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি কিজিল খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাড. মিজানুর রহমানসহ ছাত্রদল, যুবদলের কয়েকজন নেতাকর্মী।
মনোয়ার হোসেন খান দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন। এ মামলায় অন্য আসামিরা জামিনে আছেন।








