সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকাকে উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার (১৯ ডিসেম্বর) এই হুমকি দেওয়া হলেও শুক্রবার (২১ ডিসেম্বর) তা গণমাধ্যমে জানান ডিসি।
ডিসি কামরুন নাহার সিদ্দীকা সাংবাদিকদের জানান, 'বাঁশ পাতা রং-এর একটি উড়ো খামে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে আমি যদি আমার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন না করি তাহলে আমাকে দেখে নেওয়া হবে এবং আমার পরিবারের সদস্যদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।'
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা কামরুন নাহার সিদ্দীকা আরও বলেন, ‘আমি এই ব্যাপারে বিচলিত নই। চিঠিতে প্রেরকের নাম-ঠিকানা বা কোন ক্লু না থাকলেও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ’






