নাটোরের বাগাতিপাড়ায় অশ্রুসজল চোখে জানাজা পড়ানোর মাধ্যমে দুর্ঘটনাবশত নিহত ছাত্র সাজ্জাদ হোসেন সজলকে (১৬) চিরবিদায় জানালেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিদ্যালয় আঙিনায় খেলতে গিয়ে ইটের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
সজল উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। সে ওই উপজেলার জয়ন্তিপুরের আবদুল লতিফ শাহর ছেলে।
বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে সজলের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান শিক্ষক রবিউল আহসান জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে জানান, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতির জন্য বিদ্যালয় মাঠে মঙ্গলবার ছাত্রদের গ্রুপ করার কাজ চলছিল। সে সময় সবার অগোচরে মাঠের পাশের আমতলায় সজল তার বন্ধুদের সঙ্গে আধলা ইট নিয়ে গোলক নিক্ষেপের মতো করে মজার খেলা খেলছিল। খেলার একপর্যায়ে একটি ইটের অংশ সজলের ডান কানের পাশে এসে লাগলে সে গুরুতর আহত হয়। বিষয়টি জানার পর শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা করা হয়।
প্রধান শিক্ষক জানান, সজল অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে সকলের অত্যন্ত প্রিয় ছিল। তার স্মৃতি চিরদিন সবাইকে কাঁদাবে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ দায়ের করেননি।








