বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মিয়ানমারের সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাকে ভাল্লুকখাইয়া সীমান্তের ৪৯ নম্বর সীমান্ত পিলারের পাশের হাতিছড়া এলাকা থেকে আটক করা হয়। আটক সেনা সদস্যের নাম অংবোথিন। এ সময় তার পরনে ওই দেশের সেনাবাহিনীর পোশাক ছিল।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল বায়েজিদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কর্নেল বায়েজিদ খান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় অংবোথিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের সেনাবাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য বলে দাবি করেছেন। বর্তমানে তিনি মিয়ানমারের বান্ডুলা ৫০ ক্যাম্পে দায়িত্বরত বলে জানিয়েছেন।








