সাংবাদিক রুবেল খানের কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) দেওয়া প্রতিবেদন প্রত্যাখান করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার দাবি করেছেন সিইউজে নেতারা। রাইফার বাবা সাংবাদিক রুবেল খান বলেছেন, ‘কাক যেমন কাকের মাংস খায় না, তেমনি ডাক্তারদের বিরুদ্ধে বিএমডিসিও নিরপেক্ষ প্রতিবেদন দিতে পারেনি। বিএমডিসি ডাক্তারদের পক্ষ নিয়ে একপেশে প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। যেখানে ভিকটিম রাইফার বাবা হিসেবে তারা আমার বক্তব্য নেওয়ার প্রয়োজনও মনে করেননি।’
শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে এই কথা বলেন রুবেল খান। সিইউজে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আগামীকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিক-জনতার সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
সাংবাদিক রুবেল খান লিখিত বক্তব্যে আরও বলেন, ‘রাইফার মতো আর যেন কোনও মানুষ চিকিৎসকদের অবহেলায় মেডিক্যাল মার্ডারের মুখোমুখি না হয় সেই আন্দোলনই করছি আমরা। মাদার অব হিউমেনিটি মাননীয় প্রধানমন্ত্রী বিশৃঙ্খল চিকিৎসা খাতকে ঢেলে সাজাবেন বলে প্রত্যাশা করছে চট্টগ্রামসহ সারা দেশের সাংবাদিক সমাজ।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, সিইউজের সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, নির্বাহী সদস্য উত্তম সেন গুপ্ত প্রমুখ।
গত বছরের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রাইফা। এ ঘটনায় ১৮ জুলাই ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ এনে চার চিকিৎসকের বিরুদ্ধে নগরীর চকবাজার থানায় মামলা দায়ের করেন রাইফার বাবা সাংবাদিক রুবেল খান। এজাহার দায়েরের দুইদিন পর এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। চকবাজার থানায় দায়ের করা মামলার আসামিরা হলেন- ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্র দেব ও বেসরকারি ম্যাক্স হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান।







