রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে চিনি ও চিড়া বোঝাই একটি ট্রাক মন্দিরের ভেতরে ঢুকে গেছে। এতে মন্দির ভেঙে গেলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৮ জুন) ভোর রাতে নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ীয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আকরাম জোয়ারদার এ তথ্য জানান।
ইউপি সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাকটি সোনাপুর বাজারের দিকে যাচ্ছিল। বিষয়টি চেয়ারম্যানসহ প্রশাসনকে অবহিত করেছি।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে।’








