নাটোরের নলডাঙ্গা উপজেলায় রেলওয়ের খালের পানিতে ডুবে চতুর্থ শ্রেণিরএক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আফসানা মিমি নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী এবং একই এলাকার আফছার আলীর মেয়ে।
নিহতের বাবা আফছার আলী জানান, তিনি স্থানীয় রেলস্টেশনে কুলির কাজ করেন। তার মেয়ে মিমি দীর্ঘদিন থেকেই মৃগি রোগী। প্রতিদিনের মতো রবিবার বিকালে মিমি স্কুল থেকে বাসায় ফিরে হাত-মুখ ধুতে খালের পানির কাছে যায়। এক পর্যায়ে পা পিছলে সে খালের পানিতে ডুবে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা পানিতে নেমে মিমিকে উদ্ধার করে। তিনি মিমিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।








