মাগুরায় সদর উপজেলার কেচুয়াডুবি এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালকসহ অন্তত ১০ জন আহত হন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শ্যামলী পরিবহনের যাত্রাবাহী একটি বাস ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে কেচুয়াডুবি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের এক আরোহী নিহত হন। আহতদের মধ্যে ট্রাকের চালক আকতারুল (৪৫), চালকের সহকারী হাবিবুর রহমান ও বাসচালকের সহকারী জুয়েলসহ বেশ কয়েকজন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রামনগর হাইওয়ে থানার পরিদর্শক সাফুর আহমেদ জানান, নিহত ব্যক্তি ট্রাকের আরোহী। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস এখন পুলিশের হেফাজতে রয়েছে








