অধ্যক্ষকে পুকুরে ফেলায় ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কার, কমিটি স্থগিত

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
০৩ নভেম্বর ২০১৯, ২২:০১আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:৩৫

অধ্যক্ষকে পুকুরে ফেলায় ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কার, কমিটি স্থগিত

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিতের পর পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।  

রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাত ৯টার দিকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঘটনার সঙ্গে একজন ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। জড়িত অন্যরা ছাত্রলীগের কেউ না, তাদের কোনও পদও নেই।’ 

এর আগে, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেছেন, ‘ঘটনার সঙ্গে কামালের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’

তিনি আরও জানান, এই ঘটনায় মহানগর ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কুমার জয়ের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে আরও কারও বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পাস ও মহাসড়কে বিক্ষোভ-প্রতিবাদ

শিক্ষককে পুকুরে ফেলার প্রতিবাদে রবিবার সকাল থেকে শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ক্যাম্পাসে স্থায়ীভাবে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা। এছাড়াও অভিযুক্ত শিক্ষার্থীদের দ্রুত বিচারের মুখোমুখি করা, স্থায়ীভাবে তাদের ছাত্রত্ব বাতিল, কলেজে বহিরাগত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ এবং ক্যাম্পাসে সবার নিরাপত্তাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। 

বেলা ১১টায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শেষে প্রশাসন ভবনের সামনে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলেন।

 

অধ্যক্ষকে পুকুরে ফেলায় ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কার, কমিটি স্থগিত

পলিটেকনিক ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ অনেক

রবিবার শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভের পর থেকে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের কাছে চাঁদা দাবি, ছাত্রীদের প্রেম প্রস্তাব, প্রস্তাব না মানলে প্রকাশ্যে অপমান, পলিটেকনিকের ১১১৯ নম্বর কক্ষকে টর্চার সেল হিসেবে ব্যবহার করা, শিক্ষকদের হুমকি ও লাঞ্ছিত করা, নিয়মিত ক্লাস না করে পরীক্ষায় অংশগ্রহণসহ বিভিন্ন অভিযোগ উঠে এসেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।  

একাধিক শিক্ষক-শিক্ষার্থী জানান, প্রতিষ্ঠানটির ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রিমেল রিগান ও সাধারণ সম্পাদক রাসেদ রহমান ২০১৮ সালের নবীনবরণের নামে শিক্ষার্থীদের থেকে চাঁদা তুলেছেন। তারা প্রায় চার হাজার শিক্ষার্থীর থেকে ৩০০ টাকা করে চাঁদা নেন। কিন্তু আজও হয়নি নবীনবরণ। চাঁদার ব্যাপারে অধ্যক্ষ বাধা দিলেও ছাত্রলীগের নেতারা হুমকি ধামকি দিয়েছেন বলেও অভিযোগ তাদের।  

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, শিক্ষককে পুকুরে ফেলার  ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভ সভাপতি মেহেদী হাসান রিগানের ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘদিন ধরেই তারা ক্যাম্পাসে ত্রাস। কিন্তু তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।

১১১৯ নম্বর কক্ষটি ছাত্রলীগের দখলে, স্বীকার করলেন অধ্যক্ষ

অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘ওই কক্ষটি জোর করে নিয়ে ছাত্রলীগের ছেলেরা ব্যবহার করতো। সেখানে বসে তারা বিভিন্ন সময় আড্ডা বা মিটিং করতো। তবে শুনেছি, তারা ওই কক্ষটি টর্চার সেল হিসেবে ব্যবহার করতো। তবে এ নিয়ে কেউ কোনদিন অভিযোগ জমা দেয়নি। ছাত্রলীগের ছেলেদের বিরুদ্ধে শিক্ষক বা ছাত্র সবাই অভিযোগ দিতে ভয় পায়।’

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার পলিটেকনিক ছাত্রলীগ সভাপতির

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল রিগান। তিনি বলেন, ‘প্রত্যেকটা বিভাগের প্রধানের কাছে নবীনবরণের টাকা রয়েছে। তারা সব টাকা খরচ করেননি। শিক্ষক-শিক্ষার্থীরা সব মিথ্যা বনোয়াট বক্তব্য পেশ করছেন।  

তিনি আরও বলেন, ‘আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি সেইখানে শুধুমাত্র ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ ছিল। এর বাইরে ছাত্রলীগের কোনও নেতাকর্মী ছিল না। আমরা বিষয়টি পর্যালোচনা করে দেখছি। যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

অধ্যক্ষকে পুকুরে ফেলায় ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কার, কমিটি স্থগিত

কারিগরি শিক্ষা অধিদফতরের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সে কথা বলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ-শিক্ষকরা। এসময় মহাপরিচালক বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আছি। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এরপর বিকালে কমিটির তিন সদস্য রাজশাহী পৌঁছে তদন্ত শুরু করেন। তারা ঘটনাস্থল পরিদর্শনসহ অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং সিসিটিভির ফুটেজ দেখেন। এসময় পুকুরের পশ্চিম পাশের ভবনের ১১১৯ নম্বর কক্ষ থেকে থেকে লোহার রড, পাত ও পাইপ পাওয়া যায়। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  এ সময় তদন্ত কমিটির কাছে কয়েকজন শিক্ষক ও ছাত্র জানান, ওই কক্ষটি ছাত্রলীগের টর্চার সেল। ছাত্রলীগের নেতাদের কথা না শুনলে সেখানে নিয়ে টর্চার করা হতো।

কারিগরি শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব ও পরিচালাক (পিআইডব্লিউ) এসএম ফেরদৌস আলমকে। এছাড়াও কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (কারিকুলাম) ড. মো. নুরুল ইসলামকে কমিটির সদস্য এবং রাজশাহী মহিলা পলিটেকটক ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুককে সদস্য সচিব করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক এসএম ফেরদৌস আলম বলেন, ‘রবিবার সকালে তদন্ত কমিটি করা হয়েছে। বিকেলে তারা দুজন ঢাকা থেকে বিমানে রাজশাহী আসেন। আর কমিটির অপর সদস্য রাজশাহীতে ছিলেন। রাজশাহী পৌঁছেই তারা তদন্ত শুরু করা হয়েছে। তারা তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।’

সিসিটিভি ফুটেজ থেকে কয়েকজনকে শনাক্ত

অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদের ওপর হামলার ঘটনায় মহানগরীর চন্দ্রিমা থানায় ৮ জন আসামির নাম উল্লেখ করে এবং ৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করা হয়। তবে এই মামলায় নাম উল্লেখ করা আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন শিক্ষকরা।

তারা হলো- ঘটনার নেতৃত্বদানকারী কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র ও পলিটেকনিক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ, ইলেকট্রনিক্স পঞ্চম পর্বের শিক্ষার্থী মুরাদ, পাওয়ার বিভাগের সাবেক ছাত্র শান্ত, ইলেকট্রনিক্স বিভাগের সাবেক ছাত্র বনি, মেকাটনিক্স বিভাগের সাবেক ছাত্র হাসিবুল ইসলাম শান্ত, ইলেক্টো-মেডিক্যাল বিভাগের সাবেক ছাত্র সালমান টনি, একই বিভাগের সপ্তম পর্বের ছাত্র হাবিবুল ও কম্পিউটার বিভাগের সাবেক ছাত্র মারুফ।

পাঁচ আসামি কারাগারে

এই ঘটনায় গ্রেফতার পাঁচ আসামিকে রবিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২০), নড়াইল জেলার নড়াগাছী থানার ফরিদ আলীর ছেলে আরিফুল ইসলাম ওরফে আরিফ, নওগাঁর মান্দার থানার আফসার আলীর ছেলে সাফি শাহারিয়ার (২৪), নীলফামারী জেলার ধোপাডাঙ্গা এলাকার গোপাল রায়ের ছেলে বাঁধন রায় (১৯) ও রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার রেজাউল করিমের ছেলে রিপন আলী (২০)।

অভিযুক্তদের ব্যাপারে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশের

এব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপর বৃদ্ধি করা হয়েছে। কেউ ছাড়া পাবে না। সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।  

উল্লেখ, শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় শনিবার রাতে অধ্যক্ষ ৫০ জনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন।

আরও খবর:

অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে পুকুরে ফেলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা! (ভিডিও)

 



/এসআইআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী