নাটোরে ৬৫ লাখ টাকা সম মূল্যের ৮০ হাজার ইউএস ডলারসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক দুজন হলো– ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামের মৃত ফরিদ আহমেদের ছেলে রাসেল (২৫) এবং একই এলাকার তোতা মিয়ার ছেলে মইন (২৭)।
পুলিশ সুপার জানান, নাটোর ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের পশ্চিম বাইপাস বন বেলঘড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। সে সময় রাসেল ও মঈনের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৮০ হাজার ইউএস ডলার সমমূল্যের ৪০০টি নোট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে রাসেল এবং মঈন দুজনই জানায়, বাংলাদেশে ইউএস ডলারের চাহিদা বেশি থাকায় তারা বিভিন্ন সময় পাসপোর্টের মাধ্যমে ভারতে যায়। তারা কাপড়ের ব্যবসার আড়ালে ইউরো ডলারের বিনিময়ে ইউএস ডলার নিয়ে আসে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।








