নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ বাহিমালী উচ্চ বিদ্যালয় চত্বরে একই সময়ে সভা ডাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার পারভেজ জানান, বাহিমালী উচ্চ বিদ্যালয় চত্বরে সোমবার বিকেলে নব-নির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা আহ্বান করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য (বড়াইগ্রাম-গুরুদাসপুর) অধ্যাপক আব্দুল কুদ্দুসের। এর পাল্টা হিসেবে একই স্থানে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আহ্বান করেন। এ নিয়ে এলাকায় সংঘর্ষের আশঙ্কা ও জনসাধারণের মাঝে শঙ্কার সৃষ্টি হয়। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সেখানে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।








