চীনের সাংহাই থেকে ফিরে এসেছেন বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর পালরদী এলাকার এক মেডিক্যাল শিক্ষার্থী। সোমবার (৩ জানুয়ারি) সকালে একটি মেডিক্যাল টিম হেলালের স্বাস্থ্য পরীক্ষা করে ভাইরাস না থাকার বিষয়টি নিশ্চিত করে। এর পরেও তিনি বাড়ি আসার পর থেকে এলাকাবাসীর মধ্যে তাকে নিয়ে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। এতে স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে হেলাল সিকদার নামে ওই শিক্ষার্থীর।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়িদ মু. আমরুল্লাহ জানান, আতঙ্কের কোনও কারণ নেই। হেলালের যাবতীয় চেকআপ করা হয়েছে। তার দেহে করোনাভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি।
হেলাল সৌদি আরব প্রবাসী জালাল সিকদারের ছেলে। তিনি চীনের থংচি ইউনিভার্সিটির এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমে তার পরিবার বিষয়টি জানতে পেরে নিরাপদ থাকতে তাকে বাড়ি আসতে বলেন। তাছাড়া তার মধ্যেও করোনা ভাইরাসের আতঙ্ক ছিল। এ কারণে গত ৩১ জানুয়ারি শ্রীলঙ্কা হয়ে তাকে বাংলাদেশে আসতে হয়েছে। শ্রীলঙ্কা এয়ারপোর্টে তাকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখান থেকে নিশ্চিত করা হয়, তার দেহে কোনও করোনা ভাইরাস নেই। তবে বাড়ি আসার পর থেকে কিছুটা অস্বস্তিতে দিন কাটছে তার। বাড়ি আসার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকর্মীরা নানা প্রশ্নে জর্জরিত করছে। এর সঙ্গে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক থাকায় তারা দূরে থাকছেন।







