মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান খোলা রাখা যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এটি মেনে চলতে বলা হয়েছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া মাইকিং করেও নির্দেশনাপত্র প্রচার করা হয়।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে শ্রীমঙ্গলের প্রায় ১০০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কিন্তু তারা কোয়ারেন্টিনের নিয়ম কানুন না মানায় মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমণের হুমকি দেখা দিয়েছে। তাই বিশেষ সতর্কতার অংশ হিসেবে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটি সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উপজেলা নির্বাহী অফিসার জানান।







