করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাঙামাটির বনরূপা কাঁচাবাজার ও কালিন্দীপুর কাঁচাবাজারকে স্থানান্তর করে আলফেসানী উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে বসানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে স্কুল মাঠেই বেচা কেনা শুরু হয়েছে।
জানা যায়, প্রথম দিন ক্রেতা-বিক্রেতা কিছুটা কম। তবে বাজার করতে আসা লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার সুবিধার্থে প্রশাসনের এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু সৈয়দ বলেন, ‘আশা করছি কয়েকদিনের মধ্যে বাজার জমে উঠবে।’
বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন, খোলা মাঠে হওয়ার কারণে এখানে নিরাপদে ও সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছে। যদি কাঁচাবাজারের সঙ্গে মাছ বাজারকে সংযুক্ত করা হয়, তাহলে বাজার করতে আসা সবার সুবিধা হবে।
বাজার পরিদর্শন করতে এসে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার বলেন, ‘বনরূপা কাঁচাবাজারটি সরু হওয়ার কারণে সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছিল না। তাই সরকারের নির্দেশনা মোতাবেক শহরের দুটি বাজারকে স্কুলের খোলা মাঠে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাকি বাজারগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।






