ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় বাবা-ছেলেসহ আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ৩টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য জানান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় মোট ৪৩ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে মারা গেছেন দুজন।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন– নবীনগর উপজেলার লহরী গ্রামের ২৬ বছর বয়সী এক যুবক, একই উপজেলার জাফরপুর গ্রামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ এবং তার ২৫ বছর বয়সী ছেলে, নাসিরনগর উপজেলার কলিকুন্ডা গ্রামের ২৮ বছর বয়সী এক যুবক। ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ির লোকজনদেরও ১৪ দিনের হোম কোয়ারেন্টিন এবং বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোশরাত ফারখান্দা বলেন, ‘আক্রান্তদের আইসোলেশনে রাখা হবে।’
এদিকে, নবীনগর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান, তার সহকারী মারজান ও তাসলিমাসহ তিনজন বৃহস্পতিবার থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
বৃহস্পতিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন। জেলার আইসোলেশন কেন্দ্রে নয় জনসহ মোট ২১ জন আইসোলেশনে রয়েছেন। জেলায় এক হাজার ৩২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯৭৯ জনের।







