ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৩ সাংবাদিক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
০৩ মে ২০২০, ০৬:৫৬আপডেট : ০৩ মে ২০২০, ০৭:০৬




ছবি (বাম দিক থেকে): দৈনিক গ্রামীণ দর্পণের বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক, একই পত্রিকার স্টাফ রিপোর্টার শান্ত বণিক ও অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিন নরসিংদীতে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় স্থানীয় তিন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে নরসিংদী শহর, মাধবদী ও মনোহরদীতে পুলিশের তিনটি পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে পলাশের ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বাদী হয়ে পলাশ থানায় ওই তিন সাংবাদিককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সম্প্রতি একটি প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার বরাত দিয়ে বক্তব্য প্রকাশ করা ও তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচার করার অভিযোগে মামলাটি করা হয়।

গ্রেফতার তিন সাংবাদিক হলেন, স্থানীয় দৈনিক গ্রামীণ দর্পণের বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৪৫), একই পত্রিকার স্টাফ রিপোর্টার শান্ত বণিক (৩৫) ও অনলাইন পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহিন (৩২)। রমজান আলী প্রামাণিকের বাড়ি নরসিংদী শহরে, শান্ত বণিকের বাড়ি মনোহরদীতে আর খন্দকার শাহিনের বাড়ি মাধবদীতে।

পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার অনলাইন সংস্করণে 'ঘোড়াশালে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা পুলিশের' এবং নরসিংদী প্রতিদিন নামের একটি অনলাইনে 'ঘোড়াশাল ফাঁড়িতে নেওয়ার পর মৃত্যু, অভিযোগ পিটিয়ে হত্যা করেছে পুলিশ' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটোতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলমের বরাত দিয়ে একটি বক্তব্য প্রকাশিত হয়। অথচ জহিরুল আলমের দাবি, তিনি এমন কোনও বক্তব্য দেননি। মুঠোফোনে বা সরাসরি ওই সাংবাদিকদের সঙ্গে তার কোনও যোগাযোগও হয়নি। তার বরাত দিয়ে এমন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রকাশিত হওয়ায় তার ওপর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষুব্ধ হন। তাই নিজের সম্মান বাঁচাতে ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলাটি করেন।

জানা যায়, গত ২৯ এপ্রিল বিকালে নরসিংদীর পলাশের ঘোড়াশালে পুলিশের হেফাজত থেকে ফিরে যাওয়ার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মান্নান (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, চলমান লকডাউনের সময় সিএনজি নিয়ে সড়কে বের হওয়ায় মান্নানকে চুরির অপবাদ দিয়ে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ পিটিয়ে হত্যা করেছে। এতে ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে নিহতের স্বজন ও স্থানীয় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ ঘটনায় পুলিশের বক্তব্য ছিল, মান্নান হার্টের রোগী ছিলেন, তাকে সড়কে আটকের পর ছেড়ে দেওয়া হয়। পরে তিনি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ খলাপাড়া এলাকায় গিয়ে অসুস্থ হন। পরে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে মামলার বাদী ও ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলমের মুঠোফোনে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলমের সঙ্গে কথা না বলে ভুল বক্তব্য প্রকাশ ও প্রচার করায় তিনি বাদী হয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
রিক্রুটিং এজেন্সির অনিয়ম, কার্যালয় সিলগালা-জরিমানা
রিক্রুটিং এজেন্সির অনিয়ম, কার্যালয় সিলগালা-জরিমানা
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে