নাটোরে একশ’ ছুঁইছুঁই করছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। উদ্বেগজনক এই পরিস্থিতিতে করোনা প্রতিরোধ পক্ষ পালনসহ ‘নো-মাস্ক নো সার্ভিস নো সেল’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক শাহরিয়াজ ও সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাক্তার মিজানুর রহমান জানান, জেলা প্রশাসকের সভাপতিত্বে ডিসি সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলায় করোনা সংক্রমন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আলোচনা হয়।
জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৯৬ আর সুস্থ ৫১ জানিয়ে তিনি আরও বলেন, এমন অবস্থায় করোনা প্রতিরোধে আগামী রবিবার থেকে জেলায় করোনা প্রতিরোধ পক্ষ পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি প্রচার, ‘নো-মাস্ক নো সার্ভিস নো সেল’ কার্যক্রম বাস্তবায়ন, ইউনিয়ন পর্যন্ত দরিদ্রদের মাস্ক প্রদান ও কমিউনিটি ট্রান্সমিশন রোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এই সময়ে আইন মানতে জনগণকে বাধ্য করতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ দল।
জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, এই সময়ের পর ‘নো মাস্ক,নো এন্ট্রি’ পালনের ব্যাপারেও আলোচনা হয় ওই সভায়।
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান উপস্থিত ছিলেন।








