নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে ঋণের কিস্তির টাকা আদায় করতে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মো. সাজেদুর রহমান নামের এক এনজিও কর্মকর্তাকে খুনের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে ব্যুরো বাংলাদেশের বারদী শাখার ব্যবস্থাপক মো. শামীম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় এই মামলা দায়ের করেন। সোমবার (৭ সেপ্টেম্বর) নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহত এনজিও কর্মকর্তা সাজেদুর রহমান টাঙ্গাইল জেলার সদর উপজেলার মীরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে হান্নানের স্ত্রী শারমিন আক্তার ব্যুরো বাংলাদেশ নামের একটি এনজিওর বারদী শাখা থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এরপর থেকে প্রতি সপ্তাহে ১২৫০ টাকা করে ঋণ পরিশোধ করে শারমিন আক্তার। এছাড়াও ওই বাড়িতে আরও কয়েকজন গ্রাহক রয়েছে। রবিবার দুপুরে ওই কিস্তির টাকা আদায় করতে ব্যুরো বাংলাদেশ এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার মো. সাজেদুর রহমান হান্নানের বাড়ি যান। পরে হান্নানের ঘরে তার গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এই ঘটনায় ব্যুরো বাংলাদেশের বারদী শাখার ব্যবস্থাপক মো. শামীম বাদী হয়ে গ্রাহক শারমিন আক্তার, স্বামী হান্নান মিয়া ও দেবর ফয়সালের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, 'হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেতারের চেষ্টা চলছে।'








