ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকার রাস্তার দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিটিসিএল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। তিনি পেশায় ট্রাক চালকের সহকারী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গুরুতর আহতাবস্থায় সাইফুলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
তিনি জানান, সড়ক পারাপারের জন্য সাইফুল রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইফুলকে ধাক্কা দেয় পণ্যবোঝাই ট্রাক। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








