করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ওই বৃদ্ধ হলেন তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত শের আলীর ছেলে রজব আলী (৮০)।
মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর,শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে রজব আলী গত ২৯ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান। তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ১০৮ জন আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন।








