ঝিনাইদহে রেডিসন নামের একটি স্থানীয় আবাসিক হোটেল থেকে ইন্দ্রজিত (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ওই হোটেলের ৪০১৪ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
ইন্দ্রজিত কুষ্টিয়া জেলার মিরপুর থানার বেলগাছি গ্রামের শ্রী শুসেন কুমারের ছেলে।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ইন্দ্রজিত গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে এই হোটেলে ওঠেন, তবে তিনি কী কাজ করতেন সে বিষয়ে তারা অবগত নন।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে হোটেল বয় রাউন্ড দিতে গিয়ে তার দরজায় অনেকবার নক করলেও কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ হোটেলের চারতলার ৪০১৪ নং রুম থেকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরাদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।






