গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ ও নসিমনের সংঘর্ষে নসিমন চালক বেলায়েত মোল্যা (৩০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও চার জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, একটি নসিমন মিল্টন বাজার এলাকার লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠছিল। এসময় দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে নসিমনটির সংঘর্ষ ঘটে। এতে নসিমন চালক বেলায়েতসহ ৫ জন মারাত্মক আহত হন।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার বেলায়েতকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত চার জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নসিমন চালক বেলায়েত মোল্যা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মকিত মোল্যার ছেলে।








