নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘পঁচাত্তর সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের কৃষকদের জন্য এবং কৃষির জন্য ভর্তুকি দিয়েছিল শেখ হাসিনা সরকার। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া-এরশাদ এবং খালেদা জিয়া কখনও কৃষকদের জন্য এবং কৃষির জন্য ভর্তুকি দেন নাই।'
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জেলার বিরল উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনবার্সন কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরল ইউএনও সোয়াইব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 'বিএনপি জোট সরকারের আমলে ভর্তুকি দিয়েছিল অন্য খাতে। অস্ত্র কেনা, সামরিক খাতে ভর্তুকি দিয়েছে। কিন্তু কৃষকদের জন্য ভর্তুকি দেয় নাই। বঙ্গবন্ধু বলেছিলেন- দেশের নব্বই ভাগ কৃষক গ্রামে থাকেন, গ্রামে যেতে হবে। কিন্তু তাদের (জিয়া-খালেদা জিয়া) মনোযোগ গ্রামের দিকে ছিল না।'
তিনি আরও বলেন, 'শেখ হাসিনার সরকারকে যখন বিশ্বব্যাংক বাধা দিয়েছিল, তারা বলেছিল এই ভর্তুকি দেওয়া যাবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন- বিশ্বব্যাংকের কথায় বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের জন্য যেটা ভালো হয় সেভাবে।'
করোনাকালে বিপদে মানুষের পাশে সরকার দাঁড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'করোনার সময় আমরা তিন মাস মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছি। ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। বর্তমানে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।'
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দীক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।







