ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সদরের খাদুরাইল সড়ক থেকে রাজাকার দেলোয়ার হোসেনের নাম বাদ দিয়ে শহীদ মুক্তিযোদ্ধার নামে করার দাবিতে মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিজয়নগর উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা। বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পকনগর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি চম্পকনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারেও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে বিজয়নগর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সার্জেন্ট (অব.) তারা মিয়া জানান, ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামের সময় দেলোয়ার হোসেন ইছাপুরা ইউনিয়নের শান্তি কমিটির সভাপতি পদে থেকে অসংখ্য সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘরে অগ্নি সংযোগ ও লুটপাট করেছিলেন। পরে ১৯৭২ সালে দালাল আইনে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়। মামলার পর রাজাকার দেলোয়ার হোসেন ৩ মাস ১০ দিন কারাবাস করে।
তিনি আক্ষেপ করে বলেন, গত ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি বিজয়নগর উপজেলার খাদুরাইল সড়কের নামটি কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেনের পরিবর্তে শহীদ মুক্তিযোদ্ধার নামে করার দাবি জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড থেকে তৎকালীন জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল। কিন্ত চার বছর অতিবাহিত হতে চললেও সড়কের নামটি আজ পর্যন্ত বদলানো হয়নি।
এ ব্যপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত জানান, আমার এই উপজেলায় যোগদান বেশি দিন হয়নি। বিষয়টি আমি জেনে দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।






