বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিএনপি (ধানের শীষ) প্রার্থী নাসরিন আকতার পুটি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২১ হাজার ১৬৪ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নাজনীন পারভীন (পদ্মফুল) পেয়েছেন চার হাজার ৩২৬ ভোট। নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনও প্রার্থী দেওয়া হয়নি।
অপর স্বতন্ত্র প্রার্থী শিল্পী বেগম (কলস) দুই হাজার ২২৩ ভোট এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুন (ফুটবল) পেয়েছেন এক হাজার ৪৮ ভোট।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আছিয়া খাতুন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট দুই লাখ ৬৫ হাজার ৮৮ ভোটারের মধ্যে ২৮ হাজার ৭৬১ জন ভোট দেন। বাতিল হয়েছে ১৫৯ জনের ভোট। প্রদত্ত ভোটের হার ১০.৮৮ শতাংশ। গত ২১ মার্চ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগমের মৃত্যুতে পদটি শূন্য হয়। তিনি ২০১৯ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। খাদিজা বেগম আওয়ামী লীগ সমর্থিত হলেও উপনির্বাচনে দল থেকে কোনও প্রার্থী দেওয়া হয়নি। এ নিয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে অসন্তোষ রয়েছে।







